বিজ্ঞাপন

৬ষ্ট বর্ষে শিশুকিশোর টুনটুনি! টুনটুনির সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা!

খুকির দুর্গা পূজো | দ্বীন মোহাম্মাদ দুখু




খুকি বসে কাঁদছে দেখো
একলা ঘরের কোণে,
পূজোয় জামা পায়নি খুকি
দুঃখ হাজার মনে।

দুর্গা মায়ে এবার বাড়ি
রাখবে নাকো চরণ,
অর্থ কড়ি নাইকো ঘরে
বইছে দুঃখের ত্বরণ।

হাজার স্বপন মনে খুকির
পূরণ হলো না আর,
রেগেমেগে খুকি বলে
করোনা দেশটা ছাড়! 

হবেই পুজো আমার গ্রামে | তুহিন কুমার চন্দ


ঢ্যাম কুড়াকুড় ঢ্যাম কুড়াকুড়
বাদ্যি বাজে পুজোর ঢাকে
কি পুজো ভাই বাজনা বাজাই
পুতুল সাজাই নদীর ঘাটে।

বসবে মেলায় কুকুর খোলায়
গয়না গাটি শীতলপাটি
রান্না করার হাড়ি পাতিল
খেলনা পাতি মাটির বাটি।

পাগলা ভোলা দরাজ গলা
বৃষ্টি ভিজে নিচ্ছে খুঁজে
কোন মাটিতে গড়বে পটো
দুগগা মায়ের মূর্তি নিজে।

চালায় নিজের টায়ার গাড়ি
কাল দিয়েছে নিতাই কাকা
কুকুর খোলায় খেলছে ভোলা
ফেলে দেয়া টায়ার চাকা।

পুজো হবে পুজো হবে
ছুটছে ভোলা বাঁশবাগানে
সাফ করে নাও এই এখুনি
জমবে মেলা যাত্রাগানে।

পুকুর পাড়ে বৃদ্ধ হাড়ে
একলা চলে বিপিন খুড়ো
হবেই পুজো আমার গ্রামে
তাই বসে খাই মাছের মুড়ো।

শিউলি সুবাস | সবিতা বিশ্বাস



কালো মেঘেদের তাড়িয়ে দিয়েছে সাদা মেঘেদের দল
ঝির ঝির ঝির বইছে ওই অঞ্জনা নদীর জল
আর দেরী নেই মোটে
সিরাজ ধীরাজ পদ্ম তুলছে কলার ভেলার বোটে

কাশের গুচ্ছ দুলছে দোদুল রেললাইনের ধারে
তনিমা জরিনা ধরছে ফড়িং তাইরে নাইরে নারে
দুয়ারে দাঁড়িয়ে পুজো
নীল আকাশের মেঘের ভেলায় গণেশজননী খুঁজো

কুমোর পাড়ায় গড়ছে ঠাকুর সিংহ ভীষণ রেগে
অসুরব্যাটাকে কামড়ে ধরেছে বীর বিক্রম বেগে
তাকুড় নাকুড় তাক
শিউলি সুবাস গায়ে মেখে নিয়ে বাজলো পুজোর ঢাক।